বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সেখানে জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন রুটের বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।
সড়ক পরিবহন মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। অর্থাৎ, প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিটিসি এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতেই বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, দু-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

0 Comments